Sat-Thu || 09:30 Am to 06:30 PM
Room No. 1104 (10th Floor), Sahera Tropical Center, 218 Elephant Road (Bata Signal), Dhaka 1205, Bangladesh.
Service Type!

Sun-Sep,2026 : 08:38

ইউরোপের সেরা পাঁচ বৃত্তি

বৃত্তি বা স্কলারশিপ নিয়ে বিদেশে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন অনেকেরই। স্বপ্ন বাস্তবায়নের জন্য অপেক্ষায় থাকেন বৃত্তির। এ বৃত্তি পাওয়ার সহজ কৌশলটা অনেক শিক্ষার্থীই জানেন না। অনেকে এ-ও জানেন না কোথায় পাওয়া যাবে বৃত্তি। অনেক সময় তারা বৃত্তির আবেদন করার প্রক্রিয়াও ঠিকমতো বুঝতে পারেন না। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশ্বের কয়েকটি দেশে দারুণ কিছু বৃত্তি চালু রয়েছে। আসুন সম্মানজনক এ ধরনের পাঁচটি বৃত্তির কথা জেনে নিই-

ইউরোপের সেরা পাঁচ বৃত্তি

১. ইরাসমাস মুন্ডুস বৃত্তি (ইউরোপীয় ইউনিয়ন)

ইউরোপের বৃত্তিগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইরাসমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স স্কলারশিপ। এ বৃত্তির আওতায় ১৩০টির বেশি মাস্টার্স প্রোগ্রামে আবেদনের সুযোগ থাকে। প্রতি বছর সারা বিশ্ব থেকে কয়েকশ শিক্ষার্থী এ বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ পান। অন্যান্য বৃত্তির তুলনায় ইরাসমাস মুন্ডুস কিছুটা আলাদা। প্রথমত. এটি শুধু একটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। ইউরোপীয় ইউনিয়ন প্রদত্ত এ বৃত্তির বিশেষত্ব হলো মাস্টার্সের একেকটি সেমিস্টার ভিন্ন ভিন্ন দেশে অবস্থিত বিশ্ববিদ্যালয়ে হয়। তা ছাড়া এ বৃত্তির আওতায় গতানুগতিক বিষয়গুলোর তুলনায় বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রামই বেশি।

সুযোগসুবিধা : টিউশন ফি, থাকাখাওয়া বাবদ মাসিক উপবৃত্তি এবং ভ্রমণের খরচ এর অন্তর্ভুক্ত।

প্রয়োজনীয় কাগজপত্র : ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের প্রতিটি প্রোগ্রামের জন্য স্বতন্ত্রভাবে আবেদন করতে হয়। তবে সাধারণত ইউরোপাস ফরম্যাটের সিভি, শিক্ষাগত যোগ্যতার সনদ, আইইএলটিএস বা অন্য ইংরেজি ভাষার পরীক্ষার ফলাফল, নাগরিকত্ব সনদ বা রেসিডেন্সি সার্টিফিকেট এবং সুপারিশপত্র সব ধরনের প্রোগ্রামে আবেদন করার জন্যই প্রয়োজন।

আবেদনের সময়সীমা : স্কলারশিপের আওতায় প্রতিটি প্রোগ্রামের সময়সীমা আলাদা। তবে সাধারণত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান থাকে।

আবেদনের তথ্য পেতে : https://www.eacea.ec.europa.eu/scholarships/erasmus-mundus-catalogue_en?page=0

২. সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ (সুইডেন)

সুইডিশ ইনস্টিটিউট আয়োজিত এ বৃত্তি বিশ্বের ৩৩টি দেশের শিক্ষার্থীদের সুইডেনে পড়াশোনার সুযোগ করে দেয়। সম্পূর্ণ অর্থায়নও করে তারাই। সুখবর হলো, ৩৩টি দেশের মধ্যে আছে বাংলাদেশও। সুইডেনের প্রায় ৭০০ মাস্টার্স প্রোগ্রাম অর্থায়নে সাহায্য করে এ বৃত্তি। তবে আবেদন করার আগে অবশ্যই দেখে নিতে হবে, আপনার পছন্দের মাস্টার্স প্রোগ্রামটি এ বৃত্তির আওতায় আছে কি না। আর এ বৃত্তি পেতে হলে বাংলাদেশি আবেদনকারীদের অবশ্যই অন্তত ৩ হাজার ঘণ্টা (১.৫ বছর পূর্ণকালীন কাজের সমতুল্য) চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

সুযোগসুবিধা : সম্পূর্ণ টিউশন ফি, মাসিক উপবৃত্তি এবং ভ্রমণ খরচ হিসেবে এককালীন প্রায় ১ হাজার ৪০০ ডলার নির্বাচিত শিক্ষার্থীদের দেওয়া হয়।

প্রয়োজনীয় কাগজপত্র : আবেদনের ক্ষেত্রে প্রয়োজন হবে সিভি, ওয়েবসাইটে প্রদত্ত ফরম্যাট অনুযায়ী কাজের অভিজ্ঞতার সনদ, দুটি সুপারিশপত্র ও মোটিভেশন লেটার।

আবেদন সময়সীমা :সুইডেনের যেকোনো বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে আবেদনের সময়সীমা জানুয়ারি ২০২৭ পর্যন্ত। এরপর Swedish Institute Scholarship for Global Professionals (SISGP)-এর জন্য আবেদন করতে হবে ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে।

আবেদনের তথ্য পেতে : https://si.se/en/apply/scholarships/swedish-institute-scholarships-for-global-professionals/

৩. স্টাইপেনডিয়াম হাঙ্গারিকাম স্কলারশিপ (হাঙ্গেরি)

হাঙ্গেরির এ বৃত্তি দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃত্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামে আবেদন করা সম্ভব। মোট ৮০টি দেশের শিক্ষার্থীরা এ বৃত্তিতে আবেদন করতে পারেন, যার মধ্যে বাংলাদেশ একটি। বৃত্তির অন্যতম শর্ত হলো, আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।

সুযোগসুবিধা : সম্পূর্ণ টিউশন ফি, থাকাখাওয়া বাবদ মাসিক উপবৃত্তি ও চিকিৎসাবীমা এ বৃত্তির অন্তর্ভুক্ত।

প্রয়োজনীয় কাগজপত্র : প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে আছে মোটিভেশন লেটার, আইইএলটিএসের ফলাফল, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি, মেডিকেল সনদ ও পাসপোর্টের কপি।

আবেদন সময়সীমা : Stipendium Hungaricum Scholarship-এর জন্য আবেদন করার শেষ সময় ২০২৭ সালের ১৫ জানুয়ারি। আবেদন অনলাইনে Stipendium Hungaricum-এর official application system-এর মাধ্যমে করতে হবে।

আবেদনের তথ্য পেতে : https://stipendiumhungaricum.hu/

৪. ডিএএডি স্কলারশিপ (জার্মানি)

পৃথিবীর সবচেয়ে বড় বৃত্তিদাতা সংস্থাগুলোর মধ্যে একটি পরিচালনা করে এ স্কলারশিপ। বছরে প্রায় ১ লাখ জার্মান ও আন্তর্জাতিক শিক্ষার্থীকে এ সংস্থা বৃত্তি দেয়। আবেদন করতে হলে আপনার স্নাতক ডিগ্রিটি অবশ্যই জার্মানিতে স্বীকৃত হতে হবে।

সুযোগসুবিধা : মাসিক উপবৃত্তি, চিকিৎসাবীমা, ভ্রমণ খরচ ও বার্ষিক পড়াশোনার খরচ এ বৃত্তির মাধ্যমে দেওয়া হয়।

প্রয়োজনীয় কাগজপত্র : ডিএএডি স্কলারশিপের আওতায় ৮৬টি ভিন্ন বৃত্তি দেওয়া হয়। প্রতিটির জন্য কাগজপত্রের তালিকা আলাদা। তবে শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি ইত্যাদি প্রয়োজন হয়।

বিস্তারিত জানতে : https://www.daad.de/en/studying-in-germany/scholarships/daad-scholarships/

৫. আইফেল এক্সিলেন্স স্কলারশিপ (ফ্রান্স)

আইফেল এক্সিলেন্স স্কলারশিপটি ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক ফরাসি মন্ত্রণালয় পরিচালনা করে। মাস্টার্সের আবেদনের জন্য সর্বোচ্চ বয়স ২৭ এবং পিএইচডির জন্য সর্বোচ্চ বয়স ৩২। অন্যান্য বৃত্তির তুলনায় এর আবেদনপ্রক্রিয়া কিছুটা ভিন্ন। অনলাইনে আবেদন করার বদলে সরাসরি ফরাসি দূতাবাসে অথবা ‘ক্যাম্পাস ফ্রান্স’–এর অফিসে যোগাযোগ করতে হবে। তা ছাড়া স্কলারশিপের আবেদনটি শিক্ষার্থীদের থেকে নয়, বরং শিক্ষার্থীর পছন্দের বিশ্ববিদ্যালয় থেকে জমা দিতে হয়।

সুযোগসুবিধা : টিউশন ফি, মাসিক উপবৃত্তি, চিকিৎসাবীমা ও ভ্রমণের খরচ এ বৃত্তির আওতায় পড়ে।

প্রয়োজনীয় কাগজপত্র : আবেদনের জন্য রেসিডেন্সি সনদ, একাডেমিক তালিকাভুক্তি সার্টিফিকেট ইত্যাদি ক্যাম্পাস ফ্রান্সকে পাঠাতে হয়।

আবেদনের সময়সীমা : আবেদনের শেষ সময় ২০২৫ সালের ৮ জানুয়ারি।

সব রকম তথ্য পেতে : https://www.campusfrance.org/en/france-excellence-eiffel-scholarship-program

প্রস্তুতি

শুরুতে একটি বছরভিত্তিক পরিকল্পনা নেওয়া ভালো। ভাষাসংশ্লিষ্ট দক্ষতার ক্ষেত্রে আইইএলটিএস (ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম) বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে সবচেয়ে পরিচিত। প্রতিযোগিতামূলক ও সম্মানজনক বৃত্তিগুলোর জন্য ৭.০ বা ৭.৫ আইইএলটিএস স্কোর গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ভিত্তিক বৃত্তিগুলোয় ৬.৫ স্কোরও গ্রহণ করা হচ্ছে। প্রয়োজন বুঝে ভাষা দক্ষতার পরীক্ষা দেওয়া উচিত। জার্মান, ফরাসি, ইংরেজি নানা ভাষাই আপনি শিখতে পারেন। সেই ভাষাসংশ্লিষ্ট বৃত্তি পাওয়া তাহলে সহজ হবে। ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির জন্য জিআরই-জিম্যাট স্কোর প্রয়োজন হয় না। অধিকাংশ বৃত্তির ক্ষেত্রে নেতৃত্বের গুণাবলি, স্বেচ্ছাসেবক বা গবেষক হিসেবে কাজের অভিজ্ঞতা, এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। তাই এসব অর্জনের দিকে মনোযোগ দিতে হবে আগে থেকেই।

সনদ, সুপারিশপত্র, পাসপোর্ট : শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র ইত্যাদি জোগাড় করে ফেলতে হবে। আমাদের দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সনদ তুলতে গেলেও এক ধরনের আমলাতান্ত্রিক জটিলতায় পড়তে হয়। তাই শেষ মুহূর্তের জন্য ফেলে না রেখে সনদ সংগ্রহ করুন যত দ্রুত সম্ভব। হালনাগাদ পাসপোর্টও হাতে রাখুন। স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) ও লেটার অব রিকমেন্ডেশন (এলওআর) বৃত্তির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষার্থীরা প্রায়ই একটি সাধারণ মানের এসওপি ও শিক্ষকের কাছ থেকে সুপারিশপত্র নিয়ে বৃত্তির জন্য জমা দেন।

যেহেতু সব বৃত্তিই প্রতিযোগিতামূলক, তাই এসব হেলাফেলার জন্যও অনেকে বাদ পড়ে যান। আপনি যে বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের চেষ্টা করছেন, সেই সংশ্লিষ্ট শিক্ষক বা বিশেষজ্ঞের কাছ থেকে সুপারিশপত্র নিন। অনেক সময় ভাষা দক্ষতা কম হলে ভালো সুপারিশপত্রই আপনাকে এগিয়ে রাখবে। জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ব্লক্‌ড অ্যাকাউন্টের মাধ্যমে নির্দিষ্ট অর্থ ব্যাংকে জমা রাখতে হয়।

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রক্রিয়া সম্পর্কে জেনে নিতে পারেন। আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ভিত্তিক বৃত্তির জন্য ব্যাংকের মাধ্যমে স্টুডেন্ট ফাইল চালু করতে হয়। বর্তমান পরিস্থিতিতে স্টুডেন্ট ফাইল চালুর ক্ষেত্রে শিক্ষার্থীরা সংকটের মুখে পড়ছেন। অনেক ব্যাংক স্টুডেন্ট ফাইল খোলার সুযোগ বন্ধ রেখেছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পরিস্থিতি জানিয়ে ইমেইলে যোগাযোগ করতে পারেন।


Chat with us
Live Support
We’re online now
Hi there! 👋

How can we help you today?

Support Team
Hello! Welcome to our support. Feel free to ask us anything.
Just now